নিজস্ব প্রতিনিধি
প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানি পিছিয়ে দেন।
আদালতে সময় চেয়ে আবেদন করেন বিএনপির আইনজীবীরা। সংশ্লিষ্টকোর্টের রাষ্ট্র পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম রাফেল দৈনিক বাংলাকে বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা আজকে সময় প্রার্থনা করেন। পরে আদালত এক সপ্তাহ সময় পিছিয়ে দিয়েছেন।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মির্জা ফখরুলসহ ৫৯ বিএনপির নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়। এরপর ২৯ অক্টোবর গুলশান-২ এর ৭১ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ি থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নিম্ন আদালতে কয়েক দফায় নামঞ্জুর হলে গত ৩ ডিসেম্বর তিনি হাইকোর্টে এই জামিন আবেদন করেন।
সেই আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। যা শুনানির অপেক্ষায় রয়েছে।

