বিনোদন প্রতিবেদ
কে হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তুফান’-এর নায়িকা- গত বছরের শেষের দিকে ছবির নাম ঘোষণার পর থেকেই এমন জল্পনা দর্শকমহলে। শুরুতে শোনা যাচ্ছিল ছবিটিতে নায়িকা হচ্ছেন নুসরাত ফারিয়া। তবে সেই গুঞ্জনকে নাকচ করে দিয়ে শাকিবের নায়িকা যে বাংলাদেশি কেউ হবেন না- এমনটা আগেই আভাস দিয়েছিলেন ছবিটির নির্মাতাপক্ষ। কিন্তু ভিনদেশের কোনো নায়িকা এই তারকার বিপরীতে অভিনয় করবেন তা নিয়ে কৌতূহল চলছিল চলচ্চিত্র পরিবারেও।
গত কয়েকদিন ধরে তুফান ছবিটিতে শাকিব খানের নায়িকা হিসেবে নাম শোনা যাচ্ছিল টালিগঞ্জের মিমি চক্রবর্তী ও মধুমিতা চ্যাটার্জির। তবে শেষমেশ জানা গেল পশ্চিমবঙ্গের লাস্যময়ী অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীই হচ্ছেন তুফানের নায়িকা। বিশেষ একটি সূত্র মারফত জানা গেছে, এরই মধ্যে মিমি চক্রবর্তীর সঙ্গে প্রাথমিক আলাপ-আলোচনাও শেষ। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি ছবিটির বাংলাদেশি দুই প্রযোজনা সংস্থা। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।
সিনেমাটির বাংলাদেশি অংশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্র গণমাধ্যমকে জানিয়েছে মিমের সঙ্গে আমাদের কথা প্রায় পাকাপাকি হয়েছে। সব কিছু ঠিক থাকলে লিখিত চুক্তির পর কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসছে। যেহেতু দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠান এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সেই কারণে সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। তবে নায়িকা ইস্যু ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন কোনো মন্তব্য করতে রাজি নন। চলতি মাসেই সিনেমাটির শুট শুরু হচ্ছে ভারতে। আগামী ঈদুল আজহায় সিনেমা হলে মুক্তি পাবে।
এর আগে গত ১১ ডিসেম্বর ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজন করে সিনেমাটির নাম ঘোষণা করা হয়। সে সময় শাকিব খান বলেন, ‘দুই দেশের বড় তিনটি প্রযোজনা সংস্থা মিলে এই সিনেমায় লগ্নি করছে। আমরা কিন্তু একটি স্বপ্ন নিয়েই যৌথভাবে এগোচ্ছি, তা হলো বাংলাদেশের সিনেমা নিয়ে বিশ্ববাজারে আরও বড় কিছু ঘটানো।’
নতুন বছরের শুরু থেকেই ছবিটির শুটিং লোকেশন নিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা গেছে নির্মাতাকে। জানা গেছে, ভারতের ‘বাহুবলী’র সেট যারা নির্মাণ করেছিলেন, তারাই ‘তুফান’-এর সেট নির্মাণ করছেন। ছবির বড় একটি বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে। শাকিব খান এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে। তিনি দেশে ফেরার পরই শুরু হবে তুফানের শুটিং।

