কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইনের মাদক ব্যবসায়ী খাইরুল (২৮) কে ইয়াবাসহ আটকের পর স্বজনেরা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে দীর্ঘ সাত ঘন্টার অভিযানে পর পুলিশ খায়রুলকে আটক করলে ছিনিয়ে নেয়ার সময় উভয় পক্ষের গুলি বিনিময়ে খায়রুল গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ মে) রাতে উপজেলার ঘাগড়া বাজারের পশ্চিম পাশের কবরস্থান এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া মাদক ব্যবসায়ী খাইরুলকে শুক্রবার আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
মাদক ব্যবসায়ী খাইরুল ঘাগড়া গ্রামের মৃত কনু মিয়ার ছেলে। সে এর আগেও ইয়াবাসহ একাধিকবার গ্রেপ্তার হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৬ মে) রাতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রাম থেকে পুলিশ মাদক ব্যবসায়ী খাইরুলকে একশ’ পিস ইয়াবাসহ আটক করে। আটকের পর খাইরুলকে মিঠামইন থানায় নিয়ে যাওয়ার পথে ঘাগড়া শেখের হাটির সড়কে খাইরুলের লোকজন ও আত্মীয়স্বজন পুলিশের উপর হামলা চালায়।
আসামি ছিনতাইয়ের খবর থানায় পৌঁছলে মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ নিয়ে এলাকায় ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করেন। দীর্ঘ ৭ ঘন্টা অবিরাম অভিযান চালিয়ে একই ইউনিয়নের সাবাজপুর গ্রাম থেকে খাইরুলকে পুনরায় আটক করতে সক্ষম হয় পুলিশ।
মিঠামইন থানার অফিসার ইনচার্জ মো. জাকির রব্বানী জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

