একাত্তর বাংলাঃ সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিদ হত্যা মামলায় এক আসামি জবানবন্দি দিয়েছে। এছাড়া গ্রেফতার আরেক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বিকেলে গ্রেফতার দুই ছিনতাইকারী মির্জা আতিক ও মো. রিপনকে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমানের আদালতে নেয়া হয়। এ সময় মাহিদকে হত্যার কথা স্বীকার কোরে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আতিক। এ ঘটনায় ৪ জন জড়িত ছিলো বলেও আদালতে জানায় সে। আরেক আসামি রিপনকে ৩ দিনের রিমান্ডে দেন বিচারক।
গত রোববার রাতে দক্ষিণ সুরমার কিন ব্রিজ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম। পরে নিহতের চাচা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। এদিকে সন্ধ্যায় হত্যাকারীদের বিচার দাবিতে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় আলোর মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এক শিক্ষার্থী বলেন, ‘এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে। আমরা নিরাপদ সিলেট চাই।’
এক শিক্ষিকা জানান, ‘২৫ মার্চ রাতে এত বড় একটা ঘটনা ঘটলো, তারপরও গত দুই দিনে কিন্তু রাস্তা আলোকিত করার কোনো উদ্যোগ নেই।’

