ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সদরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ সদরের আলালপুরে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশাচালকসহ সাত জনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ‘নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে তবে বাসের চালক পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

