একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মো: আরিফুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা-পরিকল্পিতভাবে এই ব্যবসায়ীকে হত্যা করে লাশ ফেলে গেছে হত্যাকারীরা। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারী) সকালে উপজেলার ১ নম্বর তারাকান্দা ইউনিয়নের পিঠাসূতা চৌরাস্তা সংলগ্ন পাকা সড়কের পাশে পড়ে ছিল এই লাশ।
নিহত ব্যবসায়ী আরিফুর রহমান লক্ষিপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: টিপু সুলতান।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে এই ব্যবসায়ীকে হত্যা করে লাশ ফেলে গেছে হত্যাকারীরা। কিন্তু কেন বা কীভাবে এই ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
ওসি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসলে বিস্তারিত জানা যাবে। বর্তমানে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মো. মাকসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

