কোর্টনি ওয়ালশ এখন অতীত। টাইগারদের ডেরায় আর দেখা যাবে না তাকে। দেখা যাবে না মাশরাফি-তাসকিন-রুবেলদের নিয়ে কাজ করতে। তবে এরই মধ্যে বোলিং কোচ ঠিক হয়ে গেছে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান (বিসিবি) নাজমুল হাসান পাপন।
আজ বুধবার বিকেলে বিসিবি সভাপতি জানান, টাইগারদের বোলিং কোচ ঠিক হয়েছে। তবে কে আসছেন তা জানাননি তিনি।
নাজমুল হাসান পাপন বলেন, ‘জাতীয় দলের বোলিং কোচ ঠিক হয়ে গেছে। আলোচনাও শেষ। ২৭ তারিখ বোর্ড মিটিংয়ের পর আমরা সিদ্ধান্ত জানাব।’
বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় নিতে হয় উইন্ডিজ বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। ২০১৬ সালের অগাস্টে বাংলাদেশ পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে দায়িত্ব দেয় বিসিবি। কিন্তু এই সময়ে পেসারদের যথেষ্ট উন্নতি না হওয়ায় ওয়ালশের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে।
বিসিবির সঙ্গে ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই চুক্তি ছিল কোর্টনি ওয়ালশের। বিশ্বকাপ পর্যন্ত পেসারদের যথেষ্ট উন্নতি না হওয়ার তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি। তাই তার পরিবর্তে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হচ্ছেন নতুন কোচ।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পরই লন্ডনের একটি হোটেলে বিসিবি প্রধান নাজমুল হাসানসহ কয়েকজন পরিচালক জরুরি সভায় বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় ওয়ালশকে না রাখার।

