বিনোদন ডেস্ক
প্রতারণা করে বেশ বেকায়দায় পড়েছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী জারিন খান। বারবার তাকে দ্বারস্থ হতে হচ্ছে আদালতে। অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠান করতে না আসায় প্রতারণার মামলায় অভিযুক্ত হয়ে এবার কলকাতার আদালতে হাজিরা দিলেন এই নায়িকা। মঙ্গলবার দুপুরে নীল টপ, সাদা নীলে স্ট্রাইপ প্যান্ট ও মুখে মাস্ক পরেই কলকাতার শিয়ালদহ আদালত চত্বরে হাজির হন জারিন। কাঠগড়ায়ও ওঠেন তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি নায়িকা।
জানা গেছে, ২০১৮ সালে উত্তর ২৪ পরগনার বারাসাত ও কলকাতার ছয়টি কালীপুজোর উদ্বোধন করার চুক্তি করে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন খান। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, তাদের থেকে পারিশ্রমিক বাবদ সাড়ে ১২ লাখ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু টাকা নেওয়ার পরেও অনুষ্ঠান করতে আসেননি তিনি। উল্টো তাদের হুমকি দেন তিনি।
পরে ২০১৮ সালে জারিনের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে কলকাতার ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। অভিযোগের ভিত্তিতে গত ৭ সেপ্টেম্বর শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সেই চার্জশিট খতিয়ে দেখে অভিনেত্রী ও তার সাবেক ম্যানেজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এরপরেই নির্দেশ মোতাবেক গত ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালতে বিচারবিভাগীয় বিচারক শুভজিৎ রক্ষিতের এজলাসে আত্মসমর্পণ করেন জারিন। ৩০ হাজার টাকার বন্ডে পান অন্তর্বর্তীকালীন জামিন।
সর্বশেষ মঙ্গলবার শেষ হয় সেই জামিনের মেয়াদ। এ দিন শুনানির সময় তাকে স্বশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই মতোই এ দিন সকালে কলকাতায় পা রাখেন তিনি। আদালতে পুলিশ তদন্ত রিপোর্ট পেশ করলে জারিন ও তার ম্যানেজারের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করেন আদালত।

