কবি মোঃ সেলিম হোসেন
আমি যে ভাই বাংলাদেশী বাংলায় আমার বাস
বাংলা ভাষা মিষ্টি অতি মিটায় মনের আশ।
বিজয় নিশান উড়ছে যেথা
দূর করিয়া সকল ব্যথা;
দেখলে নিশান সকল ক্লান্তি হয় যে আমার নাশ।।
বাংলাদেশের খালে বিলে পদ্ম শাপলা দোলে,
শীতল করে হৃদয় আমার পাখির স্বাধীন বুলে।
সবুজ যেথায় করে খেলা
গানের সুরে কাটে বেলা;
মুক্ত মাঠে গরু মহিষ চিবায় সবুজ ঘাস।।
স্বাধীন বাংলার স্বাধীন ভুমি রক্ত দিয়ে কেনা,
চিরসবুজ বিজয়ী বেশ বিশ্বে সবার চেনা।
গৌরব মাখা ডিসেম্বরে
সাড়া জাগে ঘরে ঘরে;
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ জাগায় দীর্ঘশ্বাস।।

