একাত্তর বাংলাঃ মেসি জাদুতে চূর্ণ হলো সেভিয়ার স্বপ্ন। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে পিছিয়ে পড়েও সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফেভারিট বার্সেলেনা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বার্সা। কিন্তু ম্যাচের বিপরীতে গিয়ে প্রথম গোল করে বসে সেভিয়া। ২২ মিনিটে বার্সেলোনা সমর্থকদের স্তব্ধ করে দেন জেসুস নাভাস। ঘরের মাঠে ফেভারিট বার্সেলেনার বিপক্ষে লিড সেভিয়ার। ৪ মিনিট বাদেই মেসির শটে সমতায় কাতালানরা। ৪২ মিনিটে আবারো পিছিয়ে পড়ে বার্সা। মার্কোর গোলে আরো একবার এগিয়ে যায় সেভিয়া।
তবে, দ্বিতীয়ার্ধে নিজেদের সর্বনাশ ডেকে নিয়ে আসে সেভিয়ার ডিফেন্ডাররা। তাদের ভুলের সুযোগে কাতালানদের সমতায় ফেরান ফুটবল ধ্রুবতারা লিওনেল মেসি।
এরপর ৮৫ মিনিটে দারুণ দক্ষতায় সব ধরনের প্রতিযোগীতায় হ্যাটট্রিকের হাফ সেঞ্চুরি আর লা-লিগায় ৩২ নম্বর হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ক্ষুদে জাদুকর।

