একাত্তর বাংলাঃ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে নগর জীবনে এখন উৎসবের আমেজ। বসন্ত বরণে রঙ বেরঙের বাহারি পোশাক অন্যতম অনুষঙ্গ। ফাল্গুনের প্রথম প্রহরে বাসন্তী বসনে নিজেকে সাজাতে তাই কেনাকাটায় ব্যস্ত উৎসবপ্রিয় মানুষ।
ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে, দেশীয় ফ্যাশন হাউসগুলোর তৈরি এসব পোশাক দামেও সাশ্রয়ী বলে জানালেন ক্রেতারা। একই সঙ্গে দুটি দিবস উপলক্ষ্যে পোশাকের সাথে জমে উঠেছে ফুলের ব্যবসাও।
প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ধ্বনি। বসন্তের রূপ, রঙ বৈচিত্র্যের সঙ্গে মিলনের অপেক্ষায় নগর জীবন। ফাগুনের রঙে নিজেদের রাঙাতে চান তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ।
পলাশ, শিমুলের সৌরভের সাথে, চাই বাহারি পোশাকও। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে আধুনিকতা ও দেশীয় ঐতিহ্যের মিশেলে তৈরি পোশাকে সেজেছে ফ্যাশন হাউসগুলো। বরাবরের মতই পোশাকে হলুদ, লাল,কমলাসহ উজ্জ্বল রঙের প্রাধান্য।
শুধু নিজেকে নয়, বিশেষ এই দিনে প্রিয়জনকেও রঙিন দেখতে চান সবাই। তাই আপন জনের জন্য অনেকে কিনছেন সালোয়ার -কামিজ , শাড়ি ও পাঞ্জাবি।
বাসন্তী সাজে ও ভালোবাসা দিবসে ফুলের আবেদন চিরায়ত। ক্রেতাদের চাহিদা মেটাতে গোলাপ, গাদা, জারবেরাসহ বাহারি ফুলের পসরা নিয়ে প্রস্তুত শাহবাগের ফুল ব্যবসায়ীরা।
তবে চাহিদা বাড়ায় কিছুটা বাড়তি দামেই ফুল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিশেষ দুটি দিনকে ঘিরে শুধু শাহবাগেই কোটি টাকার ফুল বিক্রি হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

