নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসনে বছরে কমপক্ষে চারবার নিয়োগের ব্যবস্থা করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে এনটিআরসিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএ-কেই করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, দেশের সব শিক্ষাবোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বৃদ্ধি করতে হবে।’
শিক্ষক নিয়োগকে আরও ত্বরান্বিত করতে প্রয়োজনে এমপিও নীতিমালায় সংশোধন আনার আহ্বানও জানান তিনি।
মতবিনিময় সভায় এনটিআরসিএর চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

