বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ- জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুমান তালুকদার এর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।
শুক্রবার(৩ ফেব্রুয়ারি)সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে জামালপুর-রৌমারী মহা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন,বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার,পৌর আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন,সাবেক আওয়ামী লীগ নেতা ইয়াসিন তালুকদার, নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুল রহমান লাল,উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান খুদু,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী প্রমুখ। এ সময় বক্তারা বলেন,দলীয় কোন্দলকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসাতেই এ ডাকাতির মামলায় গ্রেফতার করা হয়েছে জুমান তালুকদারকে। দ্রুত সময়ের মধ্যে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
উল্লেখ্য,২৪ ডিসেম্বর দিনগত রাতে বকশীগঞ্জ পৌর শহরের নয়াপাড়া গ্রামের উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরদিন বকশীগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।ডিবির তদন্তে জুমান তালুকদারের সম্পৃক্ততা পাওয়ায় বুধবার (২ ফেব্রæয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) কেন্দ্রের সামনে থেকে জুমান তালুকদারকে আটক করে জামালপুর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
জুমান তালুকদারের স্ত্রী রুমকি জুমান ও মেয়ে জেসিয়া তালুকদার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগামী সপ্তাহে তাদের অস্ত্রোপচার হওয়ার কথা।

