মতিন রহমানঃ- জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উপলক্ষে মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে জামালপুরের বকশীগঞ্জে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
শনিবার (১০ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে মা সমাবেশের আয়োজন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন,ডাঃ আদিবা জাহান, সিনিয়র নার্স মিডওয়াইফ মাহমুদা সিদ্দিকা শিউলী,সেনেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাস আলী,মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রমজান আলী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েরাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স,কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়ের সুস্থতার জন্য প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি বিষয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হক। তিনি বলেন,গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য ও পুষ্টির জন্য মায়ের পুষ্টির চাহিদা স্বাভাবিকের থেকে অনেক খানি বেড়ে যায়। তাই এই সময় মায়ের সঠিক পুষ্টি সরবারহ নিশ্চিত করা প্রয়োজন। গর্ভবতী মায়ের তুলনায় স্তন্যদানকারী মায়ের পুষ্টি চাহিদা আরও বেশি। এই সময় মাকে প্রচুর ক্যালরি ও তরলজাতীয় খাবার খেতে দিতে হবে।

