বিনোদন প্রতিবেদক:-
বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী জুটি মোমিন বিশ্বাস ও স্মরণ। বেতার, টেলিভিশন এবং মঞ্চেও এই জুটি সমান জনপ্রিয়। এবার তাঁরা গাইলেন নির্মাতা জি সরকারের নির্মাণাধীন “সুন্দরীর ঘর” চলচ্চিত্রে! ‘রিমঝিম বৃষ্টি ঝরছে অঝোরে’ শিরোনামের গানের কথা লিখেছেন প্রদীপ সাহা এবং ‘প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি’ খ্যাত সুরকার দেবেন্দ্রনাথ চট্রোপাধ্যায়ের সুরে সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি।
গানটি নিয়ে বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক দেবেন্দ্রনাথ চট্রোপাধ্যায় বলেন-” এর আগেও বন্ধুবর নির্মাতা জি সরকারের সিনেমায় সঙ্গীত পরিচালনা করেছি,এবারও করার সুযোগ হল! মোমিন ও স্মরণ এখানকার পরীক্ষিত শিল্পী, দুজনেই চমৎকার গেয়েছে, প্রদীপ সাহাও চমৎকার লিখেছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।
মোমিন বিশ্বাস বলেন-“চলচ্চিত্রের গান গাইতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বরেণ্য সুরকার দেবেন্দ্রনাথ চট্রোপাধ্যায়ের সুরে চলচ্চিত্রে গাইতে পারাও বিরাট সৌভাগ্যের বিষয়”
স্মরণ বলেন-“দেবু কাকুর সুরে এটিই কোন সিনেমায় গাওয়া আমার প্রথম গান, তাই একটু ভয়ে ভয়েই ছিলাম। গানটি নিয়ে আমি আশাবাদী”
কারা কারা অভিনয়শিল্পী তা নিয়ে এখনই কিছু জানাতে না চাইলেও নির্মাতা সুত্রে জানা গেছে আগামী মাসেই বিক্রমপুর ও মুন্সিগঞ্জের বিভিন্ন লোকেশনে “সুন্দরীর ঘর” চলচ্চিত্রের শুটিং শুরু হবে!

