প্রবাসীর স্বপ্ন
মোঃ সেলিম হোসেন
একটু সুখের আশা নিয়ে প্রবাসে হয় আসা,
হেথায় এসে যায় হারিয়ে প্রাণের সকল হাসা।
মাথায় চাপে সেই টাকাটা আসতে খরচ হলো,
যা যোগাতে বাবার সম্পদ বিক্রি করে দিলো।
পূরণ করতে সেই টাকাটা কয়েক বছর লাগে,
ঋণের টাকা হলে শেষে শূন্য থাকে ভাগে।
একটু বেশি আয়ের আশায় ওভারটাইম করে,
কাজের চাপে দেহ থেকে নোনা ঘর্ম ঝরে।
বছরের পর বছর কাটে প্রবাস নামক জেলে,
রাত্রিকালে একলা মাথায় হাজার স্বপ্ন খেলে।
দেখা পাবে আপনজনের গল্প বানায় মনে,
সুখের হবে সেই সময়টা ভাবে প্রতিক্ষণে।
সকাল হলেই কোরবানি হয় আশার স্বপ্ন যতো,
হাড়ভাংগা শ্রম বিলিয়ে যাই লোহার যন্ত্রের মতো।
জীবন, যৌবন এসব কথা ভুলে সময় কাটে,
পরিজনদের কথা ভেবেই প্রবাসীরা খাটে।
সবার সুখে প্রবাসীরা দূর প্রবাসে থাকে,
পরিজনদের খুশি করার নানান কৌশল আঁকে।
পরিজন আর দেশের ভাগ্য গড়তে গিয়ে তারা,
নিজ জীবনের সুখের আশার করে দেয় যে সারা।

