নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের সংসদ নেতা ও আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে তিনি পঞ্চমবার ও টানা চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন।
বুধবার দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে সংসদ নেতা নির্বাচন করা হয়।
জাতীয় সংসদের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।
সংসদীয় দলের সভা সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রমতে, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। পরে সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করা হয়।
সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশ জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদেও উপনেতা নির্বাচিত করা হয়। এ ছাড়া বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয় বলে সূত্র জানায়। অন্যদিকে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয় এবং বর্তমান নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।
এর আগে সকাল ১০টা ১৭ মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ টানা চারবার এই নেতা নির্বাচন শেখ হাসিনা। এর আগে ১৯৯৬ সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি।

