একাত্তর বাংলাঃ চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার রেশ কাটতে না কাটতে এবার আসল পিস্তল নিয়ে বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে নিজের ৯ এমএম পিস্তল ১০ রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে ঢুকে পড়েন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তিনি নভোএয়ারের একটি আভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করছিলেন। কিন্তু অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে পিস্তলের ব্যাগসহ বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হন তিনি।
এরপর নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে নিয়ে আসা পিস্তলও গুলি ভর্তি ব্যাগ স্ক্যানারে ধরা পড়েনি। পিস্তলটি সঙ্গে নিয়ে চট্টগ্রামে যেতে চান বলে কর্মকর্তাদের জানান ইলিয়াস কাঞ্চন।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে শাহজালাল বিমানবন্দরের মেম্বার সিকিউরিটি শাহ এমদাদুল হক, বিমানবন্দরের পরিচালকসহ (নিরাপত্তা) বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত হন।
এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
প্রথম স্ক্যানিংয়ে ইলিয়াস কাঞ্চনের ব্যাগে থাকা পিস্তল ধরা না পড়ার বিষয়টি দুঃখজনক বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিচালক নূরে আলম সিদ্দিকী।
এ ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক।
তিনি গণমাধ্যমকে বলেন, পিস্তল সঙ্গে নিয়ে বিমানবন্দরের স্ক্যানিং মেশিন পার হওয়ার ঘটনার তদন্তে নেমেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নাম এখনই প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছেন তিনি।

