গত তিন দিন বাংলাদেশ তো বটেই, আন্তর্জাতিক দুনিয়ায় আলোচিত বিষয় ছিল ক্রিকেটারদের ধর্মঘট। গত সোমবার সাকিবরা ধর্মঘট ঘোষণার পরদিন সংবাদ সম্মেলনে এসে ক্রিকেটারদের ১১ দফা দাবিকে ‘দাবি’ হিসেবেই স্বীকৃতি দিতে চাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বরং তিনি ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করেন। এরপর গতকাল দুই পক্ষের সমঝোতা হলেও, নিজেদের ভবিষ্যত নিয়ে শংকায় পড়েছেন ক্রিকেটাররা। এর মাঝেই বিসিবি সভাপতির পদত্যাগ দাবি করলেন পাকিস্তানি মহাতারকা শোয়েব আখতার।
নাজমুল হাসানের পদত্যাগ দাবি করে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে শোয়েব আখতার বলেন, ‘খেলোয়াড়রা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছে। আমি সবসময়ই ক্রিকেটারদের পাশে আছি, সেটি যেকোন দেশেরই হোক না কেন। বাংলাদেশ বিগত কয়েক বছরে বেশ ভালো খেলছে। কিন্তু তাদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া হয়নি। বিসিবি সভাপতির পদত্যাগ করা উচিত। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি সঠিক ব্যক্তি নন। সঠিক কাজটি তিনি করতে পারছেন না।’
গতকাল রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি। রাত ১১টায় সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে বিসিবি। সাকিব আল হাসান বলেছেন, বোর্ডের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সব দাবি বাস্তবায়নের আশ্বাস পেয়েছেন তারা। এর কারণে ভারত সফরের ক্যাম্পে যোগ দিচ্ছেন ডাক পাওয়া ক্রিকেটাররা। আর প্রথম শ্রেণির ক্রিকেটাররা ঘরোয়া লিগে মনযোগ দেবেন। এই পরিস্থিতিতে শোয়েবের ভিডিওবার্তা নতুন বিতর্কের জন্ম দিল। কারণ ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করে ইতিমধ্যেই বেশ সমালোচিত হয়েছেন নাজামুল হাসান পাপন

