একাত্তর বাংলাঃ নেত্রকোনায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার পুকুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে পরিবারে শোকের মাতম চলছে।
নিহতরা হচ্ছে, পুকুরিয়া গ্রামের কবির হোসেনের দুই শিশু কন্যা লাবণ্য আক্তার (৭) ও সুবর্ণ আক্তার (৩)। নিহত লাবণ্য আক্তার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার পুকুরিয়া গ্রামের কবির হোসেনের বাড়ির পাশে মাটি কাটার পর এখানে পুকুরের ন্যায় গর্ত তৈরি হয়। সেই পুকুরের ন্যায় গর্তটি পানিতে ভরে যায়। এতে খেলার সময় বুধবার দুপুরে দুই শিশু কন্যা লাবন্য ও সুবর্ণ ওই পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
পরে এলাকাবাসী টের পেয়ে তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফখরুজ্জামান জুয়েল এই মর্মান্তিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

