একাত্তর বাংলাঃ ব্যক্তিগত চিকিৎসক দিয়ে বেগম জিয়ার চিকিৎসা করানোর কথা বলা হলেও সরকার রাজি হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি।
এ সময় মির্জা ফখরুল আরো বলেন, মুক্ত বেগম জিয়ার নেতৃত্বে ও সহায়ক সরকারের অধীনে বিএনপি জাতীয় নির্বাচনে যেতে চায়।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা বারবার বলেছি, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তার ব্যক্তিগত চিকিৎসকদের যেন সুযোগ দেয়া হয়। কিন্তু সেই সুযোগ দেয়া হয়নি।
তিনি (বেগম খালেদা জিয়া) বার বার বলেছে, আমাকে পিজি হাসপাতাল নয়, সরকারি হাসপাতালে নয়। আমাকে একটি বেসরকারি হাসপাতালে আমার পরীক্ষাগুলো করা হউক। সরকার শুনে নাই।
তিনি আরো বলেন, জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, সেই নেত্রীকে সরকার সুচিকিৎসা দিচ্ছে না। নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া মুক্তি দিতে হবে। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি অংশ নেবে। আর সেই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হতে হবে।

