কিশোরগঞ্জ প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার মামলায় কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল মিল্লাতসহ বিএনপির ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন শেষে গতকাল রোববার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নং-২ এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক মুহাম্মদ আব্দুন নূর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো ২২ নেতাকর্মীর মধ্যে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যন নূরুল মিল্লাত, উছমানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. শহিদুল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি আজহার উদ্দিন লিটন, বিএনপি নেতা গোলাম রসুল, সাদেক মিয়া, ছানা মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ফুল মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মুছা, প্রচার সম্পাদক আরমান, পৌর ছাত্রদলের সভাপতি রাজ আহাম্মেদ রকি প্রমুখ রয়েছেন।
তারা বেআইনী জনতাবদ্ধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে পুলিশকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া ও গুরুতর আঘাত করার অভিযোগে গত ২৪শে ডিসেম্বর কুলিয়ারচর থানার এসআই মো. জিল্লুর রহমান বাদী হয়ে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাতকে প্রধান আসামি করে ৫৭ জন বিএনপি নেতাকর্মীর নামে একটি মামলা দায়ের করেন।
এদিকে নাশকতার অভিযোগে মামলাটি গত ১৩ই ডিসেম্বর কুলিয়ারচর থানার এসআই মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ২১ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। উভয় মামলার আসামিরা গত ২১শে জানুয়ারি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন লাভ করেন।
হাইকোর্টের জামিনের মেয়াদ রোববার ২২ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মুহাম্মদ আব্দুন নূর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

