পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব শান্তিকল্পে ও দেশ মাতৃকার শুভ কল্যাণে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আনন্দের উৎসব দোল পূর্ণিমাকে ঘিরে শ্রীমনমহাপ্রভুর ৫৩৯তম আবির্ভাব তিথি উপলক্ষে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী তারাগঞ্জ বাজারের শ্রীশ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ২৫ মার্চ(সোমবার)থেকে গত ২৯ মার্চ (শুক্রবার) পর্যন্ত চলমান ছিলো এই উৎসব।
মন্দির প্রাঙ্গন দর্শনে দেখা যায় শেরপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটছে। অনেকটা উৎসব মুখর এবং ভক্তির সহিতেই সনাতন ধর্মাবলম্বীরা এই উৎসব টি পালন করছেন।মন্দিরের মূল অনুষ্ঠানের পাশাপাশি ছিলো মন্দিরের বিপরীত পার্শ্বে সনাতন ধর্মাবলম্বীদের জন্য দিনরাত ব্যাপী বিশেষ প্রসাদ আহারের ব্যবস্থা। মন্দির প্রাঙ্গণের মূল ফটকের বাহিরে দুপাশ জুড়ে দেখা মিললো সারি সারি হিন্দু ধর্মীয় পুস্তক এবং পুজা অর্চনার সরঞ্জামের বিশেষ স্টলের সমারোহ।
স্টলগুলোকে ঘিরে ও রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পরা ভীড় । মন্দির প্রাঙ্গণ পরিদর্শনে জানা যায় নালিতাবাড়ী শ্রীশ্রী গোপাল জিউ মন্দির কমিটি ও নালিতাবাড়ী উপজেলা ও পৌর পুজা উদযাপন কমিটি এবং নালিতাবাড়ীর সকল সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক প্রচেষ্টায় মূলত ৩২ প্রহরব্যাপী উক্ত উৎসবটির আয়োজন করা হয়েছে।

