নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদের জন্য সংরক্ষিত ৫০ টি নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ মার্চ এ আসনগুলোতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ২৭ তম কমিশন সভা হয়। সভা শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করবেন প্রার্থীরা। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৯-২০ ফেব্রুয়ারি। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি। আর প্রতীক বরাদ্দের তারিখ ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে।
নির্বাচন বিধি অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে রাজনৈতিক দল বা জোটের সদস্যদের পৃথক তালিকা প্রস্তুত করার বাধ্যবাধকতা রয়েছে।

