ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর আহাম্মেদ (৪০) নিহত হয়েছেন।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে নান্দাইল-ত্রিশাল সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আহাম্মেদ নান্দাইল মডেল থানায় কর্মরত ছিলেন।
বিষয়টি দৈনিক একাত্তর বাংলাকে নিশ্চিত করেছেন নান্দাইল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘মোটরসাইকেলে নুর আহাম্মেদ নান্দাইল-ত্রিশাল সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে বাহাদুরপুর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নুর আহম্মেদ ঘটনাস্থলেই নিহত হন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের জমিতে পড়ে যায়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

