জামালপুরের বকশীগঞ্জের দ্বিতীয় স্ত্রীর দায়ের করা একটি মামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু ও তার সহযোগী রেজাউলের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ( ১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ এই আদেশ দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, গত ১১ মে শারীরিক নির্যাতন, চুরি ও হুমকি দেয়ার অভিযোগে মাহমুদুল আলম বাবু, রেজাউল করিম ও বাবুর ভাই এস এম কবিরকে আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক রব্বানী হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ও তার সহযোগী রেজাউলকে।
অ্যাডভোকেট ইউসূফ আলী আরও বলেন, এরপর আসামিপক্ষের আইনজীবী আজ বুধবার আদালতে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন।

