একাত্তর বাংলাঃ আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির কোনো নেতাকর্মী অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের সিদ্ধান্ত না মানলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক তিনি।
রোববার (১৭ ফেব্রুয়ারি) নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার তিনি মিডনাইট নির্বাচনের যে নজির সৃষ্টি করেছেন তারপরেও অন্য রাজনৈতিক দলগুলো আগামীতে অংশগ্রহণ করবে তা তিনি কি করে আশা করেন?’
তিনি বলেন, ‘বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী উপজেলা নির্বাচনে দলের কোনো নেতাকর্মী অংশগ্রহণ করতে পারবেন না। যদি কেউ দলে সিদ্ধান্ত বরখেলাপ করে নির্বাচনে অংশগ্রহণ করে তবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

