এস. এম আকাশ: চট্টগ্রাম মহানগরী থেকে নিখোঁজ সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সারোয়ারকে তিনদিন পর ১ নভেম্বর রোববার সন্ধ্যা ৭টা ৩০মিনিটে বড়কুমিরা গরুর বাজার খালের পাড় থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সারোয়ার গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সন্ধ্যা ৭টা ৩০মিনিটে স্থানীয় প্রশাসনের কাছে খবর যায় বড়কুমিরা গরুর বাজার খালের পাড়ে জঙ্গলে এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে এবং জানতে পারে এই ব্যক্তি সাপ্তাহিক সূর্যোদয় পত্রিকার সাংবাদিক গোলাম সারোয়ার। জ্ঞান ফিরে পাওয়ার পর তিনি বার বার বলতে থাকেন প্লীজ ভাই আমাকে আর মাইরেন না, আমি আর নিউজ করবো না। এরপর চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, এব্যাপারে কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রভাবশালী মহলের বিরুদ্ধে নিউজ করার কারণে তাকে অপহরণ ও নির্যাতন করা হয়।

