প্রায় এক দশকের ক্যারিয়ারে কোনো সিনেমা দিয়েই তেমন সাড়া ফেলতে পারেনি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে সম্প্রতি তার ভাগ্যের চাকা ঘুরেছে। ওটিটিতে মুক্তি পাওয়া ‘চমকিলা’য় অভিনয় করে ফের খবরের শিরোনামে চলে এসেছেন এই অভিনেত্রী চিত্রসমালোচক থেকে শুরু করে দর্শক সবাই পরিণীতির অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ। তবুও মন খারাপ পরিণীতির। কথা উঠলেই, পরিণীতি শুধু বলছেন, ‘জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। লোকের প্রচুর ভুল কথাও শুনেছি!’ হঠাৎ এমন কেন উপলব্ধি রাঘব চাড্ডার স্ত্রীর? সব ঠিক আছে তো!
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো থেকে জানা গেছে, রাঘব তরুণ রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই নিজেকে যেন একটু বেশি গুটিয়ে ফেলেছেন পরিণীতি। ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালেই। এমনকি, কয়েক দিন আগেই রটে যায় পরিণীতি নাকি অন্তঃসত্ত্বা। তবে সেই গুঞ্জনকে নিজেই উড়িয়েছেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কিছু কথা বললেন যা শুনে রীতিমতো চমকে উঠেছেন অনুরাগীরা।
পরিণীতির কথায়, ‘ক্যারিয়ারের শুরুতেই আমি অনেক ভুল করেছি। প্রচুর ভুল পরামর্শ মেনে চলেছি। আসলে, তখন ঠিক বুঝতাম না। লোকে বলত, ওই অভিনেত্রী ওরকমটা করেছে, তোমাকেও সেরকমটা করতে হবে। আর আমিও সেটা মেনে নিতাম। তবে এখন বুঝতে পারি। তাই প্রযোজক ও পরিচালকদের বলতে চাই, এখন আমাকে কাস্ট করুন, আমার বর্তমানটা দেখে, অতীত দেখে নয়।’
বলিউডে পরিণীতি চোপড়ার অভিষেক হয়েছে প্রায় এক দশক আগে। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি বহল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় পরিণীতিকে। বক্স অফিসে এই সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি। তার ঠিক পরের বছরই ২০১২ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইশকজ়াদে’। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান পরিণীতি। এরপর আসে পরিচিতি।
২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর গোধূলি লগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। নিজের গলায় ‘ও পিয়া’ গান রেকর্ডিং করে রাঘবের প্রতি প্রেমও উজাড় করেছিলেন পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা চলেছিল।

