ডেঙ্গু জ্বরে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবির মৃত্যুর আগে রাজধানীর স্কয়ার হাসপাতালে ২২ ঘন্টা চিকিৎসাধীন ছিলেন। এ সময় তার চিকিৎসার বিল হয়েছে ১ লক্ষ ৮৬ হাজার টাকা।
চিকিৎসার এ বিলকে অযৌক্তিক উল্লেখ করে হাসপাতালটির প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের একাংশ হাসপাতালটিকে বয়কট করেছেন।
বিশ্ববিদ্যালয়ের নিউট্রেশন এন্ড ফুড সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসাইন জানান, ২৫ জুলাই রাত ১১ টা ২২ মিনিটে স্কয়ার স্কয়ার হাসপাতালে ভর্তিরা পর ফিরোজ ২৬ জুলাই রাত ৯ টা ১০ মিনিটে মারা যান। ২২ ঘন্টারও কম সময়ে হাসপাতালে বিল এসেছে ১ লক্ষ ৮৬ হাজার টাকা।
ফিরোজের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়ে কয়েক দিন আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ফিরোজ কবির। বৃহস্পতিবার হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাঁকে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
ঠাকুরগাঁওয়ের ছেলে ফিরোজ ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সর্বশেষ থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর কক্ষে। মাস্টার্স পরীক্ষার ফলপ্রত্যাশী ছিলেন তিনি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মফিজুর রহমান বলেন, মশা নিধনে সপ্তাহে তিন-চারবার করে হলে ওষুধ দেওয়া হচ্ছে। হল প্রশাসনের পক্ষ থেকে আজও (শুক্রবার) আমি হলের কক্ষগুলোতে গিয়ে ছাত্রদের ডেঙ্গু বিষয়ে সচেতন করেছি। ডেঙ্গু নিধনে আমরা সর্বাত্মক প্রচেষ্টা রাখছি। একটা দুর্ঘটনা ঘটে গেলে সেটা আমাদের জন্য সত্যিই মর্মান্তিক।

