একাত্তর বাংলা ডেস্ক
টাঙ্গাইলে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে কালিহাতী উপজেলার হাতিয়া এবং উপজেলার পয়লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সৈনিক ফখরুল ইসলাম (২৫) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)। ফখরুল ইসলাম বগুড়া সেনানিবাসে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, হাতিয়ায় ট্রেনে কাটা একটি মরদেহ রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইডি কার্ড দেখে বগুড়া সেনানিবাসে কর্মরত ফখরুলের মরদেহ শনাক্ত করে। ছুটি শেষে তিনি কর্মস্থলে ফিরছিলেন।
অপরদিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের পয়লা গ্রামে ট্রেনে কাটা পড়ে আবুল কালাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করে৷
এ বিষয়ে ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ দুটো উদ্ধার করা হয়েছে।

