জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির বহিস্কৃত মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। এসময় মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে পা ছুঁয়ে সালামও করেন।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রংপুরের সেনপাড়ার স্কাইভিউ এর বাসায় জি এম কাদেরের সাথে দেখা করতে যান মশিউর রহমান রাঙ্গা। এ সময় জিএম কাদেরের কক্ষে পারিবারিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে জিএম কাদেরের পা ছুঁয়ে সালাম করেন রাঙ্গা। হাটু গেড়ে জিএম কাদেরকে সালাম করছেন এমন একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই।
তবে বিষয়টি নিয়ে মশিউর রহমান রাঙ্গা জানান,জি এম কাদেরের সঙ্গে তাঁর পারিবারিক আত্মীয়তার সম্পর্ক আছে।এ কারণে প্রতিবার ঈদে জি এম কাদের এর সঙ্গে সাক্ষাৎ ও সালাম করেন তিনি। এরই ধারাবাহিকতায় আজকে সন্ধ্যায় রংপুরের স্কাই ভিউয়ের বাসায় গিয়ে জি এম কাদেরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে পা ছুয়ে সালাম করেন তিনি।
এদিকে জি এম কাদেরের সামনে হাঁটু গেড়ে বসে মশিউর রহমান রাঙ্গার কথা বলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ছবি মুচকি হাঁসতে দেখা যায় জি এম কাদেরকে।
প্রসঙ্গত, বিভিন্ন সময়ে জি এম কাদের ও জাপার নেতৃত্ব নিয়ে বাজে মন্তব্য করায় রাঙ্গাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

