একাত্তর বাংলাঃ রাজধানীর শাহবাগের জিয়া শিশু পার্কের নাম পরিবর্তন করে শিশু পার্ক করা হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একথা জানান।
এক সপ্তাহের মধ্যেই নামফলক পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলতে যে ষড়যন্ত্র করছিলো তা জাগ্রত করতেই এই পদক্ষেপ বলে জানান মন্ত্রী।
স্বাধীনতা বিরোধীদের প্রতি ধিক্কার জানাতে ঢাকায় ঘৃণাস্তম্ভ নির্মাণ করা হবে বলেও জানান তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের মেয়াদকালেই মুক্তিযোদ্ধার চূড়ান্ত তালিকা করা হবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘এবারের স্বাধীনতা দিবস ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে। দ্বিতীয়বারের মতো ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালিত হবে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশ ব্ল্যাকআউট থাকবে।
ওই দিন আমরা যে যেখানে থাকবো, সেখানে দাঁড়িয়েই বাতিটি নিভিয়ে দেবো, চলন্ত গাড়ি থামিয়ে দেবো, হাঁটতে থাকলে থমকে দাঁড়াবো। এই বিষয়টি সব মানুষকে স্মরণ করিয়ে দিতে ২৫ মার্চ রাত ৯টা বাজার ৩-৪ মিনিট আগে বিশেষ সাইরেন বাজিয়ে বা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে প্রস্তুত থাকতে বলা যায় কি না, সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।’
এ সময় মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন্নাহার উপস্থিত ছিলেন।

