নিউজ ডেস্ক
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের দায়ের করা আপিল মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (২৮ জানুয়ারি) শ্রম আপিল ট্রাইব্যুনাল তার স্থায়ী জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালত থেকে বের হওয়ার পর তার আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানান।
তিনি জানান, এদিন সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন চেয়েছিলেন ড. ইউনূস। সেই সঙ্গে শ্রমআইন লঙ্ঘন মামলার রায়ে ৬ মাসের সাজার বিরুদ্ধে ২৫টি যুক্তি দেখিয়ে খালাস চেয়ে আপিল করেন তিনি।
রবিবার (২৮ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন ড. ইউনূসসহ এই মামলায় বিচারিক আদালতে দণ্ডপ্রাপ্ত অন্যরা। আপিল আদালত তাদের প্রত্যেকের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
শ্রমআইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

