আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে বিশ্ব এ সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো জানিয়েছেন। এ সময় তিনি আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে বলেও আশা করেন।
গত বুধবার জাতিসংঘের মহাসচিবের সহযোগী মুখপাত্র তার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের জন্য ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ৪০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি বরং তা বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি না, তা জানতে চাইলে জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, ‘না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে।’

