একাত্তর বাংলাঃ পুলওয়ামায় হামলার জের কাটতে না কাটতে আবারো জম্মু-কাশ্মীরে আবারো বোমা বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যের রাজৌরিতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভি।
আনন্দবাজারের খবরে বলা হয়েছে, নওসেরা সেক্টরে আইইডি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ওই সেনা নিহত হন।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘটনাস্থল ভারত-পাক সীমান্ত থেকে দেড় কিলোমিটার দূরে। নিহত সেনা কর্মকর্তা মেজর পদমর্যাদার বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
সেনা সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম ওই আইইডি রেখেছিল। ঘটনাস্থলে ভারতীয় সেনার বিশাল বাহিনী পাঠানো হয়েছে। তল্লাশিও জোরদার করা হয়েছে।
নওসেরা সেক্টরে এনিয়ে দ্বিতীয় বার আইইডি হামলা হল। এর আগে গত ১১ জানুয়ারি আইইডি বিস্ফোরণে তিন সেনা নিহত হয়েছিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি রাজ্যের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপির গাড়িবহরে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ সেনা। আহত হন আরো ৪১ জন। হামলার পরপরই এর দায় স্বীকার করে জইশ-ই-মুহম্মদ।

