একাত্তর বাংলাঃ সংসদে এসে দাবি দাওয়া তুলে ধরতে জাতীয় ঐক্যফ্রন্টকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। আধুনিক যুগোপযোগী শিক্ষার জন্য প্রতিটি জেলায় আইসিটি পার্ক নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, অল্প সিট পেয়েছেন বলে অভিমান করে তারা সংসদে আসছেন না, এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। ভোটের মালিক জনগণ, জনগণের যাকে খুশি তাকে তারা ভোট দেবেন, সেভাবেই তারা দিয়েছেন। ঐক্যফ্রন্ট যদি সংসদে আসতো তবে তাদের যা বলার আছে তা বলার সুযোগ পেতো বলে জানান শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এখন সবকিছুই সরাসরি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় এবং সংসদ টিভিও আছে, ফলে শুধু সংসদেই কথা বলা নয়, বরং দেশবাসী তাদের বক্তব্য জানতে পারতো। যারা নির্বাচিত সদস্য সবাইকে সংসদে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

