স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে কারা পদ পেলো বা কারা পেলো না তা নিয়ে চলছে এখন নানা আলোচনা সমালোচনা। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে বিতর্কিত ও অবৈধ আখ্যা দিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা।
একপর্যায়ে পূর্ণাঙ্গ কমিটিকে অবৈধ ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করতে গেলে তাতে হামলা চালিয়েছে সদ্য পদপ্রাপ্তরা। এতে ছাত্রলীগের হল কমিটির সাবেক নেতাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ ঘটনা ঘটে।
এদিকে কমিটি ঘোষণার পর ছাত্রলীগের সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। তিনি লেখেন ‘বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতা কর্মীদের যোগ্যতার বিচার করতে গেলে পোস্ট শুধুমাত্র পরিমাপের মাপকাঠি হতে পারে না।’
শোভন আরও জানান, ‘আজকে যারা কমিটিতে পদ পান নি তাদের প্রতি আমার একটাই আহ্বান, আপনারা শিক্ষা-শান্তি-প্রগতি বুকে ধারণ করে রাজনীতি চালিয়ে যান। রাজনীতি একদিনের না এটি একটি চলমান প্রক্রিয়া। অপ্রাপ্তিকে শক্তিতে রূপান্তর করে নতুন ভাবে এগিয়ে যেতে হবে। এখানে হতাশ হবার কোনো সুযোগ নেই। আরও বেশি বেশি কাজ করে যেতে হবে।’
তিনি বলেন, ‘পরিশেষে, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের সবার প্রাণের সংগঠন, সুতরাং সংগঠনের ভাবমূর্তি রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমি বিশ্বাস করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী কোন কর্মী সংগঠনের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন।’

