শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টে দারুণ এক জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। আজ বৃহস্পতিবারের শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতের আই লিগ বিজয়ী চেন্নাই সিটি এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংসরা। একসময় ৯ জনের দল হয়ে পড়া চেন্নাইয়ের বিপক্ষে বসুন্ধরার হয়ে জোড়া গোল করেন জালাল কুদোহ।
খেলার শুরু থেকেই অ্যাটাকিং ফুটবল খেলতে থাকে কিংসরা। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় ভলিতে গোল করে বসুন্ধরাকে এগিয়ে দেন লেবাননের জালাল কোদুহ। খেলার ২৪তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে কাটসুমি মাঠ ছেড়ে বাইরে চলে যান এবং অন্যান্য ফুটবলারদেরও মাঠ ছাড়তে বলেন। এতে করে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে। রেফারি কাটসুমিকে লাল কার্ড দেখান। এরপর আবারও ১০ জন ফুটবলার নিয়ে খেলা শুরু করে চেন্নাই সিটি।
৪২তম মিনিটে মাশরুরের বল গোলকিপার জিকো ঠেকালেও ফিরতি শটে পেড্রোর পায়ে সমতায় ফেরে চেন্নাই সিটি এফসি। দ্বিতীয়ার্ধে নেমে আবারও এগিয়ে যায় বসুন্ধরা। ৫৯ মিনিটে দারুণ হেডে বল জালে জড়ান বখতিয়ার। ৬৮ মিনিটে এই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় মাঠ ছাড়েন চেন্নাইয়ের রবার্তো সুয়ারেজ। এর ফলে ৯ জনের দলে পরিণত হয় ভারতের আই লিগের চ্যাম্পিয়নরা। সুয়ারেজের কার্ড খাওয়ার ২ মিনিট পরে ৯ জনের দল নিয়েই আবারও সমতায় ফেরে চেন্নাই। গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন মাশুর।
দ্বিতীয় গোল হজম করার পর একের পর এক আক্রমণ চালালেও দুর্বল ফিনিশিংয়ের অভাবে গোলবঞ্চিত হচ্ছিল বসুন্ধরা কিংস। ৮৮ মিনিটে বদলি ফুটবলার রবিউলের দূরপাল্লার শট চেন্নাইয়ের গোলকিপার সান্তানার হাত ফসকে গেলে তা জালে পাঠিয়ে দেন জালাল কুদোহ। এই জয়ে টুর্নামেন্টে টিকে রইল বসুন্ধরা কিংস। একই সঙ্গে বিদায় নিল চেন্নাই সিটি এফসি।

