একাত্তর বাংলাঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।
খুলনাঃ রোববার সকালে খুলনার কেডিঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এতে বিএনপির অঙ্গ সংগঠনের কয়েশ’ নেতা-কর্মী অংশ নেন। এসময় বেগম জিয়ার বিরুদ্ধে সব মামলা সরকারের নীল নকশা বলে আখ্যায়িত করেন নেতাকর্মীরা।
বরিশালঃ বরিশালে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন মহানগর বিএনপি। পরে তাদের সাথে যোগ দেন উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় বেগম জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।
ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। এসময় পুলিশ বাধা দিলে কার্যালয়ের সামনেই সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতা-কর্মীরা।
এছাড়া, কুমিল্লা ও ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি এ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

