একাত্তর বাংলাঃ বেগম খালেদা জিয়ার শ্যোন অ্যারেস্ট নিয়ে কিছুতেই কাটছে না ধুম্রজাল। এরইমধ্যেই এ নিয়ে আইজি প্রিজনস ও স্বরাষ্ট্রমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য এসেছে গণমাধ্যমে।
স্বরাষ্ট্রমন্ত্রী শ্যোন অ্যারেস্টের বিষয়টি অস্বীকার করলেও খোদ রাষ্ট্র পক্ষের আইনজীবী বলছেন ভিন্ন কথা। বেগম জিয়াকে কুমিল্লার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জানিয়ে তিনি বলেছেন, পরোয়ানা থাকা সব মামলা থেকে জামিন না হলে মুক্তি মিলবে না।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের সাজা নিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া। রায়ের সার্টিফায়েড কপি না পাওয়ায় এখনও বেগম জিয়ার পক্ষে জামিন আবেদন করতে পারেন নি তার আইনজীবীরা।
এর মধ্যেই গত সোমবার হঠাৎ করে আইজি প্রিজন্সের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে খবর আসে, বেগম জিয়াকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর একদিন পরই আবার গণমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনকে কোন মামলাতেই গ্রেফতার দেখানো হয়নি।
সব মিলিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিষয়টি নিয়ে ধুম্রজালের মধ্যে পড়েছেন রাষ্ট্রপক্ষের কৌশলী থেকে শুরু করে বেগম জিয়ার আইনজীবীদেরাও। তবে দুই পক্ষের আইনজীবীদেরই দাবি, ইতিমধ্যেই কুমিল্লার মামলায় বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার দেখানো হয়েছে। ।

