কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মোঃ সায়েদুর রহমান খান চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার ৩ জন আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার আসামীগণের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
উল্লেখ্য গত ১৪ এপ্রিল বৈশাখী মেলাকে কেন্দ্র করে আসামীগণ সাগরকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ব্যাপারে নিহতের মা মোছাঃ আছমা আক্তার বাদী হয়ে এ মামলাটি করেন।
পরে গত ২৩ এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিনের প্রার্থনা করলে বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রেজা উদ্দিন খান- এর দ্বৈত বেঞ্চ (ক্রিমিনাল মিছ পিটিশন নং- ২৭১৫৮/১৯) উল্লেখিত আসামীদের ১৫ দিনের মধ্যে জেলা ও দায়রা জজ আদারতে হাজির হওয়ার নির্দেশ দেন।
উক্ত সময়ে পুলিশ তাদের গ্রেফতার ও হয়রানি করতে পারবে না বলে নির্দেশ দেন। তৎপ্রেক্ষিতে আবু হানিফ উরফে হাছু ডাকাত, তার ভাই সোহরাব হোসেন ও দুলাল মিয়া আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে দীর্ঘ শুনানী শেষে জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলাটিতে সরকার পক্ষে ছিলেন পিপি শাহ আজিজুল হক এবং আসামী পক্ষে ছিলেন এ্যাড. অশোক সরকার।

