কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে জ্বালানি তেলের ট্যাংক লড়ি বিস্ফোরণে ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে কুলিয়ারচর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তার মেরামতের কাজ করছিল।
শনিবার সকালে ঠিকাদারী প্রতিষ্ঠানের একটি জ্বালানি তেলের ট্যাংক লড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে স্থানীয় একটি ওয়ার্কসপে জ্বালানি তেলের ট্যাংক লড়ির ঝালাই দেওয়ার সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন দগ্ধ হয়।
দগ্ধরা হলেন- কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে সলমান (১৩), একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে হাকিম (২৭), চর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে নাইম (১৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে শফিক (২৬)। দগ্ধ অপরজনের পরিচয় জানা যায়নি।
ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, এদের মধ্যে সলমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশের ওসি আবদুল হাই তালুকদার জানান, সকালে কুলিয়ারচর উপজেলায় জ্বালানি তেলের ট্যাংক লরির সিলিন্ডার মেরামতের সময় গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

