একাত্তর বাংলাঃ বরগুনা জেলার বেতাগী উপজেলায় স্থানীয় কণ্ঠশিল্পী গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. মানিককে (৩৫) রাজধানীর দক্ষিণ মুগদার মাণ্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
শুক্রবার (১৭ এপ্রিল) বরিশাল শহরের রূপাতলীর র্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মানিক ঢাকার তুরাগ পরিবহনের চালক হিসেবে কর্মরত ছিলেন।
র্যাব জানায়, গত ২৭ এপ্রিল রাত ৮টার দিকে বাউল গানের আসরে গান গাইতে ভিকটিম (৩২) তার চাচা মো. চাঁন মিয়া শিকদার ও চাচাতো ভাই মো. মানিককে নিয়ে মোটরসাইকেলে করে গান গাওয়ার জন্য মহেশপুরের উদ্দেশে রওয়ানা দেন। রাত ৮টা ২০ মিনিটের দিকে বরগুনার বেতাগী থানার বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজের কাছে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা মানিক ও মামলার অপর আসামি মো. আলমগীর হোসেন তাদের গতিরোধ করেন।
এসময় তারা ভিকটিমের চাচাতো ভাই ও চাচাকে আঘাত করে ভিকটিমকে তাদের মোটরসাইকেলে তুলে নেন। পরে তাকে বেতাগী থানার পুটিয়াখালী সুইজঘাট সংলগ্ন বাগানের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভিকটিমের চাচাতো ভাই ও অন্যদের সহযোগিতায় ভিকটিমকে উদ্ধার করেন।
এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাই বাদী হয়ে গত ২ মে বেতাগী থানায় মানিকসহ দুইজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনার পর র্যাব-৮ গোয়েন্দা অভিযান ও ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিনগত রাতে মামলার পলাতক আসামি মানিককে গ্রেফতার করা হয়। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

