কিশোরগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন অনিয়মের অভিযোগে স্থগিত হওয়া কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ মে) নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে এ সংক্রান্ত পত্র পাঠানো হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এই পত্রে আগামী ১৮ জুন কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গত ২৪ মার্চ কটিয়াদী উপজেলা পরিষদের নির্বাচনে অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র থেকে আগেই ভোট দেয়ার খবর আসতে থাকার প্রেক্ষিতে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম উপজেলার ৮৯টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন।
এছাড়া দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম এবং কটিয়াদী থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীনকে প্রত্যাহার করা হয়।
কটিয়াদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৬১৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৬ হাজার ৮২২ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

