একাত্তর বাংলা রিপোর্টঃ হাইকোর্টের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ ঘোষনা করায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্নবহাল হল। এর মধ্য দিয়ে অনেক রাজনৈতিক বিতর্কের অবসান হয়েছে। এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ চরম কর্তৃৃত্ববাদী ও ফ্যসিবাদী শাসন কায়েম করে নিজেদেরকে দানবে পরিণত করেছিল।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এই বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমরান সালেহ প্রিন্স আরও বলেন, আওয়ামী লীগ জনগনের রায় ছাড়াই আজীবন ক্ষমতায় টিকে থাকতে এবং আওয়ামী লীগ ও শেখ পরিবারের কর্তৃত্ব রাজনীতিতে প্রতিষ্ঠা করতে পঞ্চদশ সংশোধনীসহ সংবিধান কাটাছেঁড়া করে দলীয় গঠনতন্ত্রে পরিণত করেছিল। আজকের রায়ের মধ্যদিয়ে আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার অপকৌশল জাতির সামনে আবারো উন্মোচিত হল। একই সঙ্গে জনগণের ভোটাধিকারও প্রতিষ্ঠা হল।
প্রিন্স বলেন, তারেক রহমান তারুণ্যের জাগরণ সৃষ্টি করে সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা দিয়েছেন। সামাজিক অবক্ষয়ের কবল থেকে তরুণদের উদ্ধার করতে গঠনমূলক ও ইতিবাচক রাজনীতির পাশাপাশি ক্রীড়া, সাংস্কৃতিক, মানবিক, সামাজিক কর্মকান্ডের কর্মসূচি গ্রহণ করে তাদেরকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন। শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, সবার আগে বাংলাদেশ কনসার্ট, বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতা তাঁর উদ্যোগের অংশ।
সভায় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা.আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোজনুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, কাজী রানা, এড.এম এ হান্নান খান, কায়কোবাদ মামুন, লিটন আকন্দসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সৈয়দ এমরান সালেহ প্রিন্স আগামী ২৫ ডিসেম্বর ময়মনসিংহ বিভাগীয় আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সর্বাত্মক সফল করার আহ্বান জানান।
সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর বেলা ৩ টায় ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে ময়মনসিংহ বিভাগের ৭ জেলা ও মহানগর ইউনিট লাল ও সবুজ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবে।

