সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে বাতিলের দাবিতে হওয়া আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আজ সোমবার (২২ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত প্রকাশ্যে ঢাকা কলেজ, ইডেন কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করে কথা বলেছেন। এ বক্ত্যবের জন্য তাকে ক্ষমা চাইতে হবে।
তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাত কলেজের অধিভুক্তি বাতিল নিয়ে আন্দোলন করতেই পারে কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে তারা কটাক্ষ করতে পারে না।
এদিকে, সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও সব একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই এসব ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।

