একাত্তর বাংলাঃ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা সিটি নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সভা শেষে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ তথ্য জানান। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।
ইসি সচিব বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। মোট পাঁচটি ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্চে চার ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যেকটি ধাপে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা ছিল। কিন্তু বিধিমালা প্রণয়নের ক্ষেত্রে একটু দেরি হওয়ার কারণে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ধাপে ইভিএম ব্যবহার করার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
ইভিএম উপজেলার সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের আগেই সিদ্ধান্ত ছিল যে, সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করবো। তৃতীয় থেকে পঞ্চম ধাপে ইভিএম ব্যবহারের পরিকল্পনা এখন পর্যন্ত আমাদের আছে।

