একাত্তর বাংলাঃ ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে রাজধানীতে চলছে বিজ্ঞান মেলা। বিসিএসআইআরে এ মেলায় প্রদর্শন করা হচ্ছে আধুনিক নানা প্রযুক্তির ব্যবহার। এসব উদ্ভাবনী প্রযুক্তি নতুন ধারণা সৃষ্টি ও মেধা বিকাশে বিশেষ ভূমিকা রাখছে বলে মত দর্শনার্থীদের।
যেকোনো শহরের চৌরাস্তায় শুধু ট্রাফিক ব্যবস্থাপনায় নয়, গবেষণায় রয়েছে সড়ক দুর্ঘটনা রোধ, জেব্রা কোচিং, গাড়িতে অ্যান্টি অ্যালকোহল পদ্ধতিসহ, স্পিড ব্রেকারে ঘূর্ণন গতির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর-এ শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা।
এখানে দেখানো হয়েছে বাসা-বাড়ির প্রবেশ গেটে সিকিউরিটি কোড প্রযুক্তি। এর মাধ্যমে বাড়িতে অপরিচিত ব্যাক্তির প্রবেশ বা বাইরে থাকা অবস্থায় যে কেউ প্রবেশ করলেই সেন্সর সংকেত দেবে নির্দিষ্ট মোবাইলে এমন প্রযুক্তিও আবিষ্কার করেছে শিক্ষার্থীরা।
এমন বিভিন্ন ধরনের গবেষণালব্ধ প্রকল্প নিয়ে নিজেদের মেধার জানান দিতে বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ধরনের উদ্যোগ অনুপ্রেরণার যোগান দেয় ক্ষুদে শিক্ষার্থীদের।
আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়ফেস ওসমান বলেন, প্রতিটি উন্নয়নমূলক কাজে প্রযুক্তি সম্প্রসারণে জোর দিতে হবে বিজ্ঞানীদের।
এবারের আয়োজনে ক্ষুদে বিজ্ঞানীরা ছাড়াও অংশ নিয়েছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান প্রসেস লিজ, খাদ্য উপাদান, কসমেটিকসসহ ৭২টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে প্রদর্শনী।

