একাত্তর বাংলাঃ রাজধানীর উত্তরায় এক শিশুর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় জনতা। ৭ বছরের শিশুটির নাম রিফাত। বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে রাজলক্ষ্মী কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির স্বজনদের অভিযোগ, শিশু রিফাত তার বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি বাড়িতে খেলতে যান। পরে সেই বাড়িওয়ালার আঘাতে রিফাতের মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে বাড়িওয়ালা তার বাড়ির পানির ট্যাংকে ফেলে দেয় মরদেহ। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় তারা অভিযোগ করেন, বাড়িওয়ালা প্রভাবশালী হওয়ায় মামলা নিচ্ছে না পুলিশ। তাই রিফাত হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মরদেহ নিয়ে সড়ক অবরোধ করেছেন।
উত্তরা পূর্ব থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, আমরা মামলা নেওয়ার আশ্বাস দিয়েছি এবং তদন্ত করার কথাও বলেছি। তারপরও তারা সড়ক ছাড়ছে না। বহিরাগত কিছু লোক এসে পরিবেশ নষ্ট করছে।
তিনি আরো বলেন, আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। এখনো আন্দোলনকারীদের বুঝিয়ে যাচ্ছি তারা যেন রাস্তা ছেড়ে দেয়।

